স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন—এটাই সরকারের প্রত্যাশা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী মিথ্যাচার করছে। এ ধরনের অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং আইনের শাসন ও আইনভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দেয়।
অনুষ্ঠানে উপজেলার বেদে, হরিজন ও ডাঙ্গা ইউনিয়নের দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, সম্প্রতি মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের অনুদান এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়। উপকারভোগীরা মন্ত্রীর হাত থেকে এসব সহায়তা ও উপহারসামগ্রী গ্রহণ করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।



















