গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) নামে এক আসামি পালিয়ে গেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পলাতক পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ-এর ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তিনি মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতিদের নিয়ে কারাগারে ফিরছিল পুলিশ। নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে পিচ্চি রাজা বাথরুমে যাওয়ার কথা জানান। পরে পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম অভিযান চালাচ্ছে।


















