খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান সবুজ (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পেশায় তিনি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমির একজন বিক্রয় কর্মকর্তা (সেলস অফিসার) ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা ওভারব্রিজ এর ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে দাপ্তরিক কাজ শেষে কুমিরা এলাকা থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে ফিরছিলেন মেহেদী হাসান।
পথিমধ্যে তিনি পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক (সাতক্ষীরা) থেকে আসা একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই চালক যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার বিষয়টি খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে।
ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















