কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে হালিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অপর একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুল ইসলাম। তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এরই ধারাবাহিকতায় সকালে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে হালিম নামে একজন নিহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) ডা. মো. ইকবাল হাসান বলেন, আলামপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় হালিম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। এ ছাড়া আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















