পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত যানবাহনের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী ছিলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাকের অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি দাশুড়িয়া বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হন। কাজ শেষে পাবনার দিক থেকে দাশুড়িয়ার দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



















