জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ পরিকল্পনায় যুক্ত হতে যাচ্ছে আরও ১১টি নতুন উড়োজাহাজ। সংস্থাটির ভবিষ্যৎ বহর গঠনে মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং ও ইউরোপের এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতার মধ্যেই এই নতুন ক্রয়চুক্তি হতে যাচ্ছে।
নতুন ১১টি বিমান কেনার পরিকল্পনাটি গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির বাইরে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে। ওই চুক্তির আওতায় ১৪টি বিমান কেনার কথা রয়েছে—এর মধ্যে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮। বুধবারের নতুন চুক্তি কার্যকর হলে বোয়িং থেকে বিমান বাংলাদেশের সংগ্রহের পরিকল্পিত উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে মোট ২৫টিতে। তবে নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি বিমানের নির্দিষ্ট মডেল, মোট ক্রয়মূল্য, অর্থায়নের পদ্ধতি এবং কবে নাগাদ এসব বিমান বিমানের বহরে যুক্ত হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


















