দৈনিক মানবকণ্ঠের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কাশেম (কাশি) মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ।
ওই ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার ও কথিত মামলাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের পক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী বকশীগঞ্জের একজন পরিচ্ছন্ন সংবাদকর্মী। তিনি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকেন। চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কাশেম কাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং তাকে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশ্যেই এই মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে।
বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর ও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তথ্যসূত্রে জানা যায়, একটি দাগের সম্পত্তি বিআরএস রেকর্ড নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্ত রেকর্ড প্রচার থাকাবস্থায় ১৯৯০ সালের দিকে বকশীগঞ্জ থানায় চলাচলের জন্য রাস্তা নির্মিত হয়।
অতঃপর ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদাশ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী এবং ফুফু শাশুড়িসহ ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে বাড়িঘর উত্তোলন করে ভোগদখলে থাকেন। ভোগদখল করা অবস্থায় ইতিপূর্বে দাদাশ্বশুর ও শ্বশুর মৃত্যুবরণ করেন। পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা নির্মিত হলেও খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার নামে কর্তন না করায় কৌশলে মামলাবাজ কাশি রাস্তার জমি খারিজ করিয়া নেন এবং সাংবাদিক হিলারী ওই সম্পত্তির সাথে সম্পৃক্ত না থাকলেও তাকে ১নং আসামি করে সিআর মামলা দায়ের করে।
সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বকশীগঞ্জ উপজেলার প্রধান গেটে আজ এক মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক শাহীন আল আমিন, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সমকালের সিনিয়র সাংবাদিক মাসুদুল হাসান, আর টিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এমদাদুল হক লালন, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি আল মুজাহিদ বাবু, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আশরাফুল হায়দার, আমার দেশ পত্রিকার প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দেশের কণ্ঠের প্রতিনিধি সালাম মাহমুদ, রূপালি বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোস্তাফা গাজী, আগামীর সময়ের প্রতিনিধি রাসেল রানা, সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক রিপন রাজ, সকালের সময়ের প্রতিনিধি জামিল মিয়া, আজকের বসুন্ধরা প্রতিনিধি ইমরান মাহমুদ, প্রাইম টিভির প্রতিনিধি সাদিয়া ইসলাম, গণকণ্ঠের প্রতিনিধি ইমরান মিয়া, সাংবাদিক মারুফ হাসান, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক তাহের, মনোহার আলী প্রমুখ।
মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সমাজ অনতিবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর থেকে কঠোরতর এবং তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


















