রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম মা নিউ ক্লাসিক্যাল।
রাজবাড়ী বাস মালিক সমিতির আওতাধীন যানটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি টার্মিনালে রাখা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের একাংশের ধারণা, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল কিংবা রাতে মাদকসেবীদের কর্মকাণ্ড থেকেও আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। কোনোটির পক্ষেই এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গোয়ালন্দ থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।



















