মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও লোহিত সাগরে অস্থিরতার প্রভাব সামলাতে জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এ লক্ষ্যে দেশটির প্রশাসন নতুন একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে, যাকে ‘স্মার্ট লকডাউন’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন নির্দেশনায় সরকারি গাড়ি কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি গাড়ির জন্য জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে খাবারের তালিকায় রাখা যাবে মাত্র একটি পদ। ফেডারেল সরকারের কর্মীদের বিদেশ ভ্রমণের ওপর তিন মাসের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি ও অপরিহার্য ভ্রমণের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।
এ ধরনের ভ্রমণে মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের সাধারণ শ্রেণিতে যাতায়াত করতে হবে। ব্যয় কমানোর অংশ হিসেবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দোকান, বাজার, বিপণিবিতান, বড় দোকান ও মুদিদোকান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ের হল ও অনুষ্ঠানস্থল বন্ধ করতে হবে রাত ১০টার মধ্যে। রেস্তোরাঁ, ক্যাফে ও খাবারের দোকান বন্ধের সময় নির্ধারণ করা হয়েছে রাত ১১টা।
তবে খাবার নিয়ে যাওয়া ও বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সেবা এই বিধিনিষেধের বাইরে থাকবে। ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসা পরীক্ষাগার, জ্বালানি ও গ্যাস স্টেশন, বৈদ্যুতিক গাড়ির চার্জকেন্দ্র, ব্যায়ামাগার, ক্রীড়া কেন্দ্র, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও কল সেন্টারকে বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে। এর আগে গত মার্চে জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে পাকিস্তান একই ধরনের পদক্ষেপ নিয়েছিল।
তখন দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, সরকারি কর্মকর্তাদের জ্বালানি ব্যবহার সীমিত করা এবং কর্মীদের বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করা হয়েছিল। এবারের নতুন বিধিনিষেধ কত দিন কার্যকর থাকবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।


















