দীর্ঘ কয়েক মাসের বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। মূলত গত কোরবানি ঈদের পর দেশের নাটকপাড়ায় এক ধরনের নীরবতা নেমে আসে। নভেম্বর থেকে জুলাই পর্যন্ত টানা ব্যস্ততার পর অভিনয়শিল্পীরা যে অবসর পান, সাফা কবিরও নিজের জন্য সেই সময়টুকুই বেছে নিয়েছিলেন।
কিন্তু এই বিরতি নিছক অবকাশ ছিল না, ছিল রীতিমতো এক আত্ম-অনুসন্ধানের যাত্রা। তার ভাষায়, ‘প্রত্যেকটা ব্রেকে আমি আসলে চেষ্টা করি নিজেকে রিবিল্ড করার, নিজের আরও অনেক কিছু ঠিক করার, যাতে ভবিষ্যতে আরও ভালো করে কাজ করতে পারি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিল্পীরই নিজেকে সময় দেওয়া উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত। ’ তবে এবারের বিরতিটা একটু অন্যরকম ছিল বলেই মনে করছেন, এই অভিনেত্রী।
দীর্ঘদিন কাজ থেকে দূরে থেকে নিজেকে প্রশ্ন করতে শুরু করেছিলেন, ‘আসলে আমি কে, কী করছি, কেন কাজ করছি না? ’ আর সেই প্রশ্নের ভেতর দিয়েই তিনি বুঝতে পেরেছেন, দীর্ঘ অবসর তার জন্য নয়। অকপটে সাফা বলেন, ‘আমার কাছে লেটলি রিয়েলাইজ হয়েছে, আমি আসলে বেশিদিন কাজ ছাড়া থাকতে পারব না। আমার পক্ষে সম্ভব না। ’ এই বিরতির একটা বড় অংশ কেটেছে যুক্তরাষ্ট্রে, নিজের ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে।
স্মৃতিকাতর হয়ে সাফা বলেন, ‘এমনও হতো যে স্কুলের গেটে অপেক্ষা করতাম, ও এলে একসঙ্গে স্কুলে ঢুকব। ’ বড় হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুত্বের সেই নিবিড়তায় যে দূরত্ব তৈরি হয়েছিল, বন্ধু যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরÑ তা ঘোচাতেই মূলত অস্টিনে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি, এরপর ঘুরেছেন আরও কিছু জায়গায়। ভ্রমণের পাশাপাশি ছবি তোলা আর সেসব ভাগ করে নেওয়াটাও তার কাছে আলাদা এক আনন্দের জায়গা।
দর্শকদের ভালো লাগার প্রতিক্রিয়া তাকে সবসময় ভালো অনুভূতি দেয় বলে জানান তিনি। যদিও সামাজিক মাধ্যমে কোনটা ভাইরাল হচ্ছে, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না বলেও জানালেন। লম্বা বিরতির পর সাফার প্রত্যাবর্তন হচ্ছে, নির্মাতা সাগর জাহানের হাত ধরে। তার কাজের প্রতি আস্থার কথা জানিয়ে সাফা বলেন, ‘হি ইজ আ ফ্যান্টাস্টিক মেকার, এটা তো আর বলার কিছু বাকি থাকে না।
ওনার গল্পগুলো আসলে অনেক সুন্দর হয়। ’ নতুন এই কাজের গল্প নিয়ে খুব বেশি খোলসা না করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, গল্পের ধরনটা পারিবারিক নাটকের মোড়কে রহস্যের ছোঁয়া মেশানোÑ ‘ফ্যামিলি ড্রামা বাট লো অফ সাসপেন্স। ’ নিয়মিত কাজ না করার এই সময়ে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার তাগিদ থেকেই এই গল্পটি বেছে নেওয়া, এমনটাই জানিয়েছেন তিনি।
সাফা জানান, তার কাজের সময়সূচি মূলত আবর্তিত হয় বিশেষ দিন ঘিরেÑ ঈদ, ভ্যালেন্টাইনস ডে কিংবা পহেলা বৈশাখ। সেই হিসেবে কোরবানি ঈদের পরের এই সময়টা তার জন্য স্বাভাবিক বিরতির সময়ই বটে, তবে এবার সেই বিরতি দীর্ঘায়িত হয়েছিল আত্ম-অনুসন্ধানের প্রয়োজনে। সাক্ষাৎকারে প্রসঙ্গক্রমে উঠে আসে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘লাভ বাজ’-এর প্রসঙ্গও।
নির্মাতা কাজল আরেফিন অমির কাছে এই সিরিজের পরবর্তী পর্ব নিয়ে তার নিজের আগ্রহের কথা রীতিমতো হাসতে হাসতে সাফা বলেন, ‘আমি তো ওনাকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি যে, ভাইয়া আমার কাছে মনে হয় আমাদের লাভ বাজের পরেও কিছু আসা উচিত। ’ তবে একইসঙ্গে শৈল্পিক দিক থেকে সতর্কও তিনি, একটা কাজের সৌন্দর্য অতিরিক্ত টেনে নিয়ে গেলে হারিয়ে যেতে পারে কি না, সেই দ্বিধার কথাও এড়িয়ে যাননি।
শেষমেশ দর্শকদের হয়েই যেন প্রশ্নটা ছুড়ে দিলেন নির্মাতার দিকে, ‘প্লিজ অমি ভাইয়া, কিছু একটা বানান। ’ আত্ম-অনুসন্ধানের একটা দীর্ঘ অধ্যায় পেরিয়ে, নতুন উপলব্ধি নিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সাফা কবির। সাগর জাহানের নতুন কাজ দিয়ে যে যাত্রা শুরু হচ্ছে, তাতে দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন কিছুÑ এমনটাই প্রতিশ্রুতি দিলেন এই অভিনেত্রী নিজেই।


















