ঝিনাইদহের মহেশপুরে গোয়াল ঘরের পানি গড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীর মারধরে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ওই গ্রামের সাইকেল মেকানিক আব্দুল জব্বারের গোয়াল ঘরের পানি গড়িয়ে পলাশের বাড়ির দিকে যায়।
পানি গড়ানো নিয়ে প্রতিবেশী পলাশ হোসেনের সঙ্গে আব্দুল জব্বারের বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে পলাশ ও তার পরিবারের লোকজন আব্দুল জব্বারকে মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মহেশপুর থানার ওসি আজাদ রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















