ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের শাহীন আক্তার পলাশ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক অগ্নিশিখার শিহাব মল্লিক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শৈলকুপা প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে, ক্লাবের সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদে আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি মাসুদুজ্জামান লিটন ও মফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক টিটো মিজান ও মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম রানা, ক্রীড়া সম্পাদক মফিজ উদ্দীন তুহিন, সাংস্কৃতিক সম্পাদক মিশুক হোসেন, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলীম এবং সংবাদপত্র বিষয়ক সম্পাদক আক্তারজ্জামান জাসেফ।
এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এইচএম ইমরান, এম হাসান মুসা, বিপুল হোসেন, আব্দুল মান্নান ও জাহাঙ্গীর আলম টুটুল। নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও তরুণদের অংশগ্রহণে গুরুত্ব নবনির্বাচিত সভাপতি শাহীন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক শিহাব মল্লিক যৌথভাবে বলেন, সাংবাদিকদের পেশাগত মান ও মর্যাদা সমুন্নত রেখে সাংবাদিকতার জন্য একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে। বিশেষ করে তরুণ সাংবাদিকদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি এবং প্রেস ক্লাবের কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে শৈলকুপা প্রেস ক্লাবের কার্যক্রমে আরও গতি, সমন্বয় ও পেশাগত পরিবেশ তৈরি হবে। সকল সদস্যের সহযোগিতা ও ঐক্যকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাবকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।



















