নারায়ণগঞ্জের খানপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদাম এলাকা থেকে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাদের আটক করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএর গুদাম এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য নাছির উদ্দীন ও আবু বক্কর আব্দুল খালেক ও আনোয়ার হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে তাদের গতিবিধির ওপর নজরদারি শুরু করেন আনসার সদস্যরা। একপর্যায়ে ওই দুই ব্যক্তিকে সেখানে বসে মাদক সেবন করতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা ও চুরির উদ্দেশ্যে আনা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আনসার। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প ইনচার্জের মাধ্যমে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



















