বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য মো. শামসুল হুদা এফসিএ। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিনরা অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার নবীন শিক্ষার্থীদের বিইউবিটিতে স্বাগত জানান। তিনি বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিভিন্ন অনুষদের ডিনরা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয়। পাশাপাশি বর্তমান শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী ও বিইউবিটির এক সাবেক শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুল হুদা এফসিএ নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনার সময়কে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ গড়ে তুলতে কাজে লাগাতে হবে। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী নবীন শিক্ষার্থীদের বিইউবিটিতে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, শৃঙ্খলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, শেখা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়জীবনকে অর্থবহ করে তুলতে পারো। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে বিইউবিটি কালচারাল ক্লাবের সদস্যরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পরে লালন ব্যান্ডের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে তাঁদের বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।




















