ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সীগঞ্জে বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের আশঙ্কায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের বহনকারী তিনটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর, হাতিমারা তদন্তকেন্দ্র ও শ্রীনগর থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। সদর থানা পুলিশের চেকপোস্টে রাত আনুমানিক দেড়টার দিকে শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে একটি হায়েস মাইক্রোবাসসহ ১০ জনকে আটক করা হয়।
হাতিমারা তদন্তকেন্দ্রের চেকপোস্টে একটি হায়েস গাড়িসহ আরও ১১ জনকে আটক করা হয়। অন্যদিকে, শ্রীনগরের ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত ২টার দিকে চেকপোস্ট চলাকালে একটি হায়েস মাইক্রোবাসসহ আরও ১০ জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, জেলার বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে মোট ৩১ জনকে তিনটি হায়েস মাইক্রোবাসসহ আটক করা হয়েছে। তাদের বহনকারী গাড়ি থেকে মাস্ক ও ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


















