কক্সবাজারের উখিয়া সীমান্তে মায়ানমার থেকে ইয়াবার চালান পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. নুর ইসলাম (২৫) ও মো. হারেস (২০) নামের ২ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী আঞ্জুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের এলাকায় মায়ানমার দিক থেকে ২ জন ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন-কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নূর ইসলাম (২৫) এবং বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৫-এর মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)। পরবর্তীতে আটককৃতদের বহনকৃত পলিব্যাগ তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন থেকে সর্বমোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশে বহন করছিল বলে স্বীকার করেছে। এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ইয়াবার চালানের মূল উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।






















