বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দুটি আলাদা আমন্ত্রণ জানানো হয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ছিল ব্রিকস সম্মেলনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে অংশ নেয়ার জন্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি জানান, প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ, তার কাছে দুটি আলাদা আমন্ত্রণ ছিল।
ভারতের এই বক্তব্য এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পর। গত ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার বক্তব্য ছিল, প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ না থাকলে তিনি কীভাবে ভারতে যাবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি আলাদা এবং সেটি ফেব্রুয়ারিতে দেয়া হয়েছিল বলে জানিয়েছে ভারত।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশে এসে তাকে অভিনন্দন জানান এবং স্ত্রী ও সন্তানসহ ভারত সফরের আমন্ত্রণসংবলিত চিঠি পৌঁছে দেন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার তারেক রহমানের প্রথম ভারত সফরকে দ্বিপক্ষীয় সফর হিসেবেই গুরুত্ব দিচ্ছিল।
একই সঙ্গে ব্রিকসের আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেয়া হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে এমন অবস্থানই আগে জানানো হয়েছিল। ভারতের নতুন বক্তব্যে মূলত আমন্ত্রণের সংখ্যা ও ধরন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দেয়া হয়েছে। ভারতের দাবি অনুযায়ী, ব্রিকসের আমন্ত্রণটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে এবং ভারত সফরের আমন্ত্রণটি ছিল সরাসরি দ্বিপক্ষীয় সফরের জন্য।



















