দশমিনায় নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি নেতা লেনিন মেম্বারের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শ্রমিক অধিকারের আহ্বায়ক ইলিয়াস হোসেন রাকিব। বৃহস্পতিবার সচেতন নাগরিক সমাজ আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে থানা ঘেরাও করতে বাধ্য হব।
যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহিন ক্ষোভ জানিয়ে বলেন, ইদানীং ভিউ ব্যবসায়ী ইলিয়াস আলীর সামাজিক যোগাযোগমাধ্যমে সব অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। এ সময় উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল আমিন, গণঅধিকার পরিষদের সহসভাপতি আফজাল হোসেন, দেলোয়ার পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক মিলন মাতুব্বর। গত ২৪ আগস্ট রাতে আলিপুর ইউনিয়নের সাবেক সদস্য বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেনিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় লেনিনের পক্ষ থেকে আসমা বেগম ৬ জনকে আসামি ও ১০ জনের অধিক অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এদিকে থানা ঘেরাও করার বিষয়ে ওসি আতিকুল ইসলাম জানান, ইতোমধ্যে ওই মামলার একজনকে গ্রেপ্তার ও বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।















