রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার মিজানের মোড়সংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
মতিহার থানা-পুলিশের ভাষ্য, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে হাসিবুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘মাদকসহ বিশ্ববিদ্যালয়ের একজনকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন।
তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ’ পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক হাসিবুল ইসলামের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, সাধারণ শিক্ষার্থীকে মারধরসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের একাধিক পুরোনো অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ১৭ অক্টোবর এক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীর কাছে চাঁদা দাবির অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর তাকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
তবে গত বছরের ১৬ আগস্ট শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রাক্কালে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে গুরুত্বপূর্ণ ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ পদ দেওয়া হয়। কমিটিতে পদ পাওয়ার পরও হাসিবুলের বিতর্কিত কর্মকাণ্ড থামেনি। চলতি বছরের ২১ এপ্রিল বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ওই ঘটনার সংবাদ প্রকাশ করায় হাসিবুল পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদন করে আলোচনার জন্ম দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় স্থানীয় বখাটে ও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে একটি সিন্ডিকেট গঠন করে নিয়মিত চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানি না।
খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।






















