গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় গৃহবধূর স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছে। ১৫ আগস্ট শনিবার ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, গৃহবধূর নাম কামরুন্নাহার (৩৫)। তিনি নগরবেলা গায়েনবাড়ি এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে শানজিদা আক্তার মিম (১৬)। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান, দুর্বৃত্তরা বাড়ির কোনো জিনিসপত্র নেয়নি। যেভাবে কোপানো হয়েছে তাতে মনে হয় হত্যার লক্ষ্যেই তাদের ওপর এই হামলা করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।

















