মাদক ও অনলাইন জুয়াকে না বলি, স্থানীয় ঐতিহ্য ধারণ করি- এই ইতিবাচক স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী বেলা বাইচ।
শুক্রবার বিকেলে বেলুয়া নদীর মোহনায় স্থানীয় যুব সম্প্রদায়ের উদ্যোগে এই আনন্দমুখর বাইচের আয়োজন করা হয়। বেলুয়া নদীর দু’পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার উৎসুক জনতা করতালির মাধ্যমে বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুরের বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাত ডালিম।
বেলা বাইচে ৩২ বেলা অংশগ্রহণ করে। প্রতিটি বেলায় দুজন করে চালক ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আহ্বায়ক আরিফুল হাসান উজ্জ্বল এবং সদস্য সচিব মাহবুবুর রহমান শানু। এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান হাসনাত ডালিম বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক এবং অনলাইন জুয়ার হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই।
বেলুয়া নদীর এই বাইচ আমাদের গ্রামবাংলার ঐতিহ্যকে যেমন বাঁচিয়ে রাখবে, তেমনি যুবসমাজকে সুপথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় যুব সম্প্রদায়ের এহেন প্রশংসনীয় উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত অতিথিরা ভবিষ্যতে সমাজগঠনমূলক ও ঐতিহ্যবাহী এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন। বাইচ শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



















