সাতক্ষীরা জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা পুলিশ। এর অংশ হিসেবে গত ১৪ আগস্ট রাতে জেলা শহরজুড়ে এক বিশেষ রাত্রিকালীন টহল ও মহড়া পরিচালিত হয়।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের প্রত্যক্ষ নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাগুলোতে এই বিশেষ মহড়ার মাধ্যমে অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হয়। মহড়াকালে পুলিশ সুপার জানান, জেলাজুড়ে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিতে সাতক্ষীরা জেলা পুলিশ ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।
‘দুষ্টের দমন এবং শিষ্টের পালন’—এই মূলনীতিকে সামনে রেখে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। আইনশৃঙ্খলা বিনষ্টকারী বা অপরাধী চক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদের কঠোর হাতে দমন করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকিতে আয়োজিত এই নৈশ মহড়ায় পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা সদর থানার ওসি এবং থানার একটি চৌকস দল অংশগ্রহণ করে।
মহড়াকালে পুলিশ কর্মকর্তারা শহরের সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের নিরাপত্তার খোঁজখবর নেন। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুধু রাতের মহড়াই নয়—সাতক্ষীরা জেলার প্রতিটি থানা এলাকায় অপরাধ প্রতিরোধে বিশেষ তল্লাশি, চেকপোস্ট জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলা পুলিশের এই দৃশ্যমান পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আইনশৃঙ্খলা সুরক্ষায় জেলা পুলিশের এমন কঠোর ও ইতিবাচক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণ।



















