সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও নিষিদ্ধ মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ১০ ও ১১ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন ভোমরা, বৈকারী, গাজীপুর, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মোট ২৪ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্ত এলাকা থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।
ঘোনা বিওপির অভিযানে সাতক্ষীরা সদরের খলিলনগর মোড় এলাকা থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণুপোনা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি সীমান্ত এলাকা থেকে ২ লাখ ১৫ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেন। এ ছাড়া গাজীপুর, বৈকারী, হিজলদী ও সুলতানপুর বিওপির পৃথক অভিযানে বেলতলা, ছয়ঘরিয়া, বড়ালি আমবাগান ও বর্মীতলা এলাকা থেকে মোট ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালি সীমান্ত এলাকা থেকে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ‘এসকাফ’ সিরাপ জব্দ করেন। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।
দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। বিজিবি জানায়, আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মালামালও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


















