প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।
’ রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)।
সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক। ’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ এর সময় নির্ধারণ হয়েছে আগামীকাল সোমবার। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল সোমবারের সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।


















