দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে শিক্ষার্থীরা যে গাছ লাগাবে, সেগুলোর হিসাব সংরক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তোমরা প্রত্যেকে বাসার সামনে, স্কুল-কলেজে কিংবা রাস্তার পাশে একটি করে গাছ লাগাবে। তোমরা যে গাছ লাগাবে, সেই হিসাবও রাখা হবে। প্রতিটি স্কুল ও কলেজের গাছের তালিকা থাকবে।
তিনি বলেন, বর্তমানে বৃক্ষরোপণের উপযুক্ত সময়। বর্ষাকালে পর্যাপ্ত পানি ও অনুকূল আবহাওয়ার কারণে এ সময়ে রোপণ করা গাছ দ্রুত বেড়ে ওঠে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এখনই বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। আমিনুল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোকে আরও সবুজ করে তোলা। তিনি আরও বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে আরও সবুজ করতে হলে এ কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।
প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং নিয়মিত তার পরিচর্যা করে, তাহলে দেশের পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















