যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায়, বাংলাদেশ সময় রাত ৩টায় রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় বিজি-৩০৬। প্রায় ১০ ঘণ্টা পর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত এই ফ্লাইটটি এর আগে আড়াই শতাধিক যাত্রী নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল।
প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। তবে সেখানে অবতরণের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি আর নির্ধারিত সময়ে রোম ছাড়তে পারেনি। এতে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয় যাত্রীদের। পরিস্থিতি মোকাবিলায় ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। তাদের কারিগরি তৎপরতায় উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী করা হলে শনিবার রাতে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
দীর্ঘ সময় ফ্লাইট আটকে থাকায় যাত্রীদের বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হলেও শেষ পর্যন্ত নিরাপদেই তারা ঢাকায় ফিরেছেন।



















