প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি কক্সবাজারের মহেশখালীতে পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন।
রোববার (৯ আগস্ট) সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের উদ্দেশ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে রাতেই ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন তিনি।






















