ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় কানহা ন্যাশনাল পার্কসংলগ্ন একটি গ্রামে বাঘের হামলায় সুগনি বাই ধুরভে নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) গভীর রাতে পার্রাপুর বাইগাটোলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, রাত প্রায় দেড়টার দিকে একটি বাঘ লোকালয়ে ঢুকে দরজাবিহীন একটি কুঁড়েঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় সুগনি বাই ধুরভের মাথায় কামড় বসিয়ে তাকে টেনে নিয়ে যায়।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামবাসীরা মশাল হাতে ঘটনাস্থলে ছুটে গেলে বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে তাকে ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গ্রামবাসীর অভিযোগ, নিহতের পরিবার দীর্ঘদিন ধরে দরজাবিহীন একটি কুঁড়েঘরে বসবাস করছিল এবং এ বিষয়ে তারা কোনো সরকারি সহায়তা পায়নি।
বন বিভাগের কর্মকর্তারা জানান, এর আগেও ওই এলাকায় বাঘ ও চিতাবাঘের বিচরণ লক্ষ্য করা হয়েছে। ঘটনার পর বন বিভাগ এলাকায় নজরদারি জোরদার করেছে এবং বাঘ ধরতে একটি খাঁচা বসানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রাতের বেলায় ঘরের দরজা বন্ধ রাখা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ ঘটনাটি তদন্তে একটি মামলা দায়ের করেছে।
সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।




















