মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সেমবিলান প্রদেশের তামান লিঙ্গিতে বাংলাদেশি সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার বিকেলে স্থানীয় পুলিশ তামান লিঙ্গির একটি বাড়ি এবং পাশের সুয়া মাঙ্গিস এস্টেট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, শরীরে মারাত্মক আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলে জানিয়েছে পুলিশ।



















