রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর ফায়ার সার্ভিসের লিডার মো. রেজোয়ান মণ্ডল জানান, রাজশাহীগামী একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহনপুর উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (১৬) নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাঁকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে রাতুল মিয়াকে (১৫) মৃত ঘোষণা করেন।
আর আহত স্বাধীন মিয়াকে (১৭) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।




















