ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট, নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, স্বর্ণালংকার ও বিদেশি মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শুক্রবার সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ পর্যবেক্ষণকালে মালিকবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগেজ পাওয়া যায়। পরে ব্যাগেজগুলো তল্লাশি করে ‘মন্ড’ ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে অন্যান্য ফ্লাইটে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ নিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের আনুমানিক দাম ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স বিবেচনায় সিগারেটগুলোর মোট দাম প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা। একই ফ্লাইটে আসা যাত্রী তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যাত্রীর পাসপোর্ট যাচাই করে শুল্ক গোয়েন্দা দেখতে পান, তাজুল এর আগে গত ১০ জুন পাসপোর্টে এন্ট্রির মাধ্যমে শুল্ক-কর পরিশোধ ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার আমদানি করেছিলেন। ব্যাগেজ রুলস ২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব অলংকারের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ মোট দাম প্রায় ৩০ লাখ টাকা। অভিযানে ১২ কেজি রং ফর্সাকারী নিষিদ্ধ ক্রিমও জব্দ করা হয়েছে; যার আনুমানিক দাম ২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে মোট ১১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়; যার আনুমানিক দাম ২ লাখ ২০ হাজার টাকা। প্রযোজ্য শুল্ক-করসহ এর মোট দাম প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা। আটক পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে তথ্য দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
5:16 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
শাহজালালে সিগারেট স্বর্ণালংকার ও বিদেশি মদ জব্দ
-
MIT ERP
- Update Time : 03:41:31 am, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post










