মানিকগঞ্জের ঐতিহাসিক ও সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে পর্যটন সার্কিট গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ লক্ষ্যে জেলার সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহাতাব।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া, পরিকল্পনা-২ শাখার সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম।
এ ছাড়া সাটুরিয়ার সহকারী কমিশনার মো. মাহমুদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, মানিকগঞ্জ ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ একটি জেলা। এ জেলার ঐতিহাসিক ও সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এনে আকর্ষণীয় পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে সাটুরিয়ার শত বছরের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িসহ অন্যান্য দর্শনীয় স্থানকে পর্যটন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁরা আরও বলেন, পরিকল্পিত পর্যটন সার্কিট গড়ে তোলা সম্ভব হলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উপজেলার সাধারণ মানুষও এর সুফল ভোগ করবেন।





















