সোমবার পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। এর মধ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা বাজারে বাস উল্টে ৩ জন ও ট্রাক চাপায় একজন নিহত হন। এছাড়া আলাদা দুর্ঘটনায় চট্টগ্রাম, গোপালগঞ্জ, খাগড়াছড়ি এবং কুড়িগ্রামে প্রাণ হারিয়েছেন চারজন। আর ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।
সোমবার দুপুরে আনন্দ পরিবহনের একটি বাস চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি চন্দ্রগঞ্জের চরচামিতা বাজার এলাকায় পৌঁছলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। ঘটে হতাহতের ঘটনা।
আহত যাত্রীরা জানান, চালক ঘুমিয়ে পড়াতেই এ দুর্ঘটনা ঘটে। চালক ও তার সহযোগীকে বার বার সর্তক করেও কোনো লাভ হয়নি।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বলেন, ‘অদক্ষ চালক ও বেপরোয়া গতি কারণেই এসব দুর্ঘটনা ঘটে।’
এদিকে, সোমবার ভোরে ফরিদপুরের মধুখালীতে মরিচবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক পার্ক করার সময়, সেটিকে ধাক্কা দেয় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। এতে বাসের যাত্রী ও দুই বাহনের চালকসহ অন্তত ২০ জন আহত হন।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যানে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আর চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে এক চালকের।





















