গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেনের (২৫) বিরুদ্ধে নয় বছর বয়সী ওই শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার রাতে টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিভাবক ও মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. ওসমান গণি নাঈম (৯) ওই মাদ্রাসায় পড়াশোনা করে। গত ৪ নভেম্বর বিকেলে শিক্ষক রাব্বি হোসেন তাকে গরম ইস্ত্রি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটিকে মাদরাসা থেকে নিতে গেলে সে মায়ের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। পরে ওই রাতেই শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
অভিযুক্ত রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। শিশুটির মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’





















