গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম। সোমবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনসের মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে তাঁর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বি রাজিবসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।





















