বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানের মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় হোটেল ও খাদ্য বিক্রি প্রতিষ্ঠানে নিরাপত্তা খাদ্য আইন লঙ্ঘন চলছিল। এমন সংবাদের ভিক্তিতে সোমবার দুপুরে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অপরিচ্ছন্ন পরিবেশসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অপরাধে হোটেল স্টারের ১০ হাজার টাকা, গ্রামীণ ফুর্ডস-এর ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলের ১ লাখ টাকা ও হোটেল মৌবনের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম।





















