গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহত শিশুর নাম রিফাত মিয়া। তার বয়স এক মাস ১০ দিন। সে পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।
জানা যায়, শিশুটির মা রিয়া মনি সীমান্তবর্তী আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের স্বামীর বাড়ি থেকে সন্তানের চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে কুরপালা এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করতে থাকে।
এ সময় সন্তানকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে এক হাতে বোরকা ধরে রাখেন। একপর্যায়ে তার বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। একই সঙ্গে তার কোল থেকে শিশুটিও সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে শিশুটিকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কুমার মৃদুল দাস জানান, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবার তাকে নিয়ে চলে যায়।

























