ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আহ্বান করা এ অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলতে পারে।
মোট ১০ কার্যদিবসের এই অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও এতে বিলের ওপর আলোচনা, প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। এ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে।
এসব বিলের ওপর আলোচনা হবে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত রাখা হচ্ছে। সংসদের প্রচলিত রীতি অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে হিসাবে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসার কথা রয়েছে। ওই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এদিকে পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বিরোধী দলের পক্ষ থেকে চলমান পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা নিয়েও আলোচনা হতে পারে। এ জন্য প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময় বরাদ্দ করা হতে পারে।
তবে এবারের অধিবেশনে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপিত হচ্ছে না। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি বর্তমানে প্রস্তাব তৈরির কাজ করছে। আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।
২৫ কার্যদিবস চলে ওই অধিবেশন। এ সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।





















