ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম একই ইউনিয়নে পুনর্বহালের দাবিতে করা সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এতে প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া আগরতলা সড়কেও ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে। এর আগে আজ রবিবার সকাল ৭টা থেকে থেকে তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দারা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী ট্রেন।
স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম কোড্ডা, বৈষ্ণবপুর,শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম ভেঙ্গে বরিশাল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়েছে। যা এ বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও তার কোন সুরাহা মেলেনি।
বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙ্গে আখাউড়া উপজেলায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা করার প্রস্তাব করা হয়। যার নেপথ্যে কাজ করছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে।
বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুসে উঠে স্থানীয় জনতা।





















