দেশজুড়ে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টটির উদ্বোধন করেন।
একই সঙ্গে মৌলভীবাজারেও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য এম এ মুকিত ও মিসবাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও তরুণ ক্রীড়াপ্রেমীরা।
মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে জেলার তরুণ ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকেরা জানান, সিজন-২-এ অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে তাঁরা আশা করছেন।
সারাদেশের মতো মৌলভীবাজারেও টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট আয়োজকেরা।
























