শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে যাত্রা শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রী প্রথমে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তার। এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তিন বিভাগের তিনটি জেলা সফর করবেন। সফরের প্রথম গন্তব্য রংপুর। এরপর তিনি রাজশাহী হয়ে চট্টগ্রাম যাবেন।
আতিকুর রহমান রুমন বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করছেন। এ সময় প্রধানমন্ত্রী পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজখবর নেবেন। রংপুর সফর শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন।
সেখান থেকে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। রাজশাহীর কর্মসূচি শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান। এদিকে আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।






















