চাঁদাবাজ, দখলবাজ ও অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, চাঁদাবাজ ও দখলবাজদের বেতাগীতে কোনো জায়গা নেই।
কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না। রোববার (১৮ অক্টোবর) দুপুরে বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়ন বিষয়ক এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।
সভায় বেতাগী থানার অফিসার ইনচার্জের (ওসি) উদ্দেশ্যে চিফ হুইপ স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, ওসি সাহেব, চাঁদাবাজির বিষয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। মাদক, দখলবাজি ও কিশোর গ্যাং নির্মূল করতে পারলে আপনি এখানে দায়িত্ব পালন করবেন, তা না হলে থাকবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনজীবনে স্বস্তি ফেরাতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগী থানার ওসি মো. হারুন অর-রশীদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, সাবেক আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান নান্না এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এম. নুরুল ইসলাম পান্না। এছাড়াও স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বেতাগী উপজেলার একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন। পাশাপাশি স্থানীয় পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান, বেতাগী পৌরসভা কর্তৃক নির্মিত ‘পৌর পাঠাগার’ উদ্বোধন এবং উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।






















