ফ্যাসিস্ট সরকার ১৭ বছর ধরে যে ক্ষতি করেছে, তার পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকারও দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি অভিযোগ করে বলেন, দেশে যেন নির্বাচন অনুষ্ঠিত না হয় এবং রাজনৈতিক অস্থিরতা বজায় থাকে, তার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে গেছে। বর্তমানে দেশে অপতথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে বিমানমন্ত্রী বলেন, এগুলো মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অপপ্রচার। যাদেরকে ‘বট বাহিনী’ বলা হয়, তারাই এসব কাজ করছে।
এসব অপতথ্য ও ভুয়া খবর প্রতিরোধ করতে সাংবাদিকদের এগিয়ে আসা এবং বস্তুনিষ্ঠ সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন। গতকাল শুক্রবার জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা সমাজসেবা অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইউএনও মুরাদ হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।
অনুষ্ঠান শেষে বকশীগঞ্জের বিভিন্ন পূজা ম-পে সরকারি সহায়তার অনুদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে অগ্নিকা- ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তার চেক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়।





















