চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন মানবাধিকারকর্মী নাভেনথাম নাভি পিলাই। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।
নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাভি পিলাই। এর আগে গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো। দেশটির সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের আন্দোলনে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছিল নোবেল কমিটি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের মধ্যে বয়সের দিক থেকেও উল্লেখযোগ্য দুটি নাম রয়েছে। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে এ পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফজাই। এখন পর্যন্ত তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেল পুরস্কার পাননি। অন্যদিকে, ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পুরস্কারে ভূষিত হন জোসেফ রোটব্লাট।






















