দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার আবারো সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ধানমন্ডির শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আজ দুপুরে আইডিয়াল কলেজ ছুটির কিছুক্ষণ আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়ালের এলাকায় এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে গণপরিবহনসহ যান চলাচল ব্যাহত হয়। পরে নিউ মার্কেট, ধানমন্ডি ও কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ সোহেলের ভাষ্য, ‘এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর আহত শিক্ষার্থীদের পাশের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমন ঘটনায় নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’
ড. খন্দকার মোহাম্মদ সোহেল জানান, হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এর আগে, গত বছরের ৯ নভেম্বর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় আর মারামারি না করার মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল।
























