মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— শ্রীমঙ্গল থানার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকার মোছাব্বির হোসেনের ছেলে আব্দুল মুহিত (২৮) ও নাঈম মিয়া (২৬)।
পুলিশ জানায়, ২৬ সেপ্টেম্বর ভোররাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল মুহিতের বসতবাড়ির উঠানে একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে পেছনের যাত্রী বসার সিটের নিচ থেকে তিনটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০ কেজি ভারতীয় রসুন পাওয়া যায়। এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত পুরোনো সবুজ রঙের একটি TVS KING সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা উদ্ধার হওয়া রসুনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে রসুন বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আব্দুল মুহিত ও নাঈম মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।



















