পটুয়াখালীর দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ মো. হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাবিব হাওলাদার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, দুমকি থানার এসআই মো. সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে হাবিবকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা নিজ হেফাজতে রেখে সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
সংক্ষিপ্ত বিচারের জন্য তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















