নওগাঁর মান্দায় মেয়ের বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত এক যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সোবহান জেলার নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া-রাজাপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহারে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন আব্দুস সোবহান। তার সঙ্গে ছিল সাত বছর বয়সি এক নাতি। মান্দা ফেরিঘাট থেকে একটি অটোরিকশায় করে তারা নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে বাবলাতলী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন আব্দুস সোবহান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।



















