নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতু এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়া মহল্লার জালাল মিয়ার ছেলে।
তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ফিঙ্গারপ্রিন্ট দিতে বাড়ি থেকে ঢাকার পথ ধরেন সোহেল। পথিমধ্যে ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহতের বাবা জালাল মিয়া বলেন,ছেলেটার বিদেশ যাওয়া আর হলো না। সকালে ফিঙ্গারপ্রিন্ট দিতে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল, আর এখন তার লাশ দেখতে হচ্ছে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


















