ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের প্রথম বর্ষের দেড় শতাধিক নবীন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
দিনটি উপলক্ষে সুন্দর করে সাজানো হয় পুরো কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীদের হাসি, আনন্দ, আড্ডা ও উল্লাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীনদের এই আনন্দের সাথে মেতে ওঠেন শিক্ষকরাও। সংবর্ধনা পর্ব শেষে কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়টি শিক্ষার্থীদের ভাগ্য পরিবর্তনের সেরা সময়। ভালো ফলের মাধ্যমেই একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার সেরা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়, যা তার জীবনের গতিপথ বদলে দেয়। পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীদের শৃঙ্খলার প্রতি তাগিদ দিয়ে তিনি বলেন, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা ও প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা একজন আদর্শ শিক্ষার্থীর মূল দায়িত্ব। কোনো প্রকার উশৃঙ্খল পোশাক বা চুল কাটার ফ্যাশন পরিহার করে শালীন পোশাক ও মার্জিত রূপ বজায় রেখে কলেজে আসতে হবে। এ সময় তিনি আরও জানান, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে।
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সুলতানা রাফিজার যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাকিবুর রহমান মিয়া, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কবিরুল আলম ও সমাজকর্ম বিভাগের প্রভাষক বাবুল সিকদার প্রমুখ।



















